স্মৃতির আঙ্গিনায়
ওয়ারেন্ট অফিসারমোঃ আঃ গফুর, এএসসিবাংলাদেশ সেনাবাহিনী
সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়
আমার স্মৃতি বিজড়িত আবেগের নাম
আমার নরম কোমল বক্ষ জুড়ে
পলি বিধৌত খুনসুটিময় দুরন্ত এক ছন্দের নাম
এখানে আমার পিপাসার জল পাখিদের ডাকাডাকি
শ্রাবণধারায় পাড়ায় পাড়ায় কাদাজলে মাখামাখি
এ প্রতিষ্ঠান আমার মনের খোরাক, স্বপ্ন লালিত আশা
এখানে পেয়েছি অনুভবে থাকা অফুরান ভালোবাসা
হেমন্তেরই পরশ লাগা গোধুলির শতদল
আবীর রঙে অদম্য সব পাখিদের কোলাহল ।
সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়
আমার স্মৃতি বিজড়িত একটি অনুভুতির নাম
আমার যত্নে লালিত উষ্মা বাসন্তী রঙ,
সাজানো গুছানো প্রফুল্ল এক চেতনা
এখানে আমার স্বপ্ন সুধা, ভালবাসা গলাগলি
শতদলময় সরোবর এক বৈষ্ণব পদাবলী
যত্নে এখানে তৈরী হয়েছে ভালোলাগা যতো গান
সোঁদা মাটির গন্ধ শুঁকে শান্ত করেছি প্রাণ
এখানে আমার মায়ের স্নেহ, বাবার আদর সব
মানুষ গড়ার কারিগর নিয়ে বেঁচে আছে অনুভব।
সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়
আমার গভীরে লালিত স্বপ্ন, সেরা রঙে সেরা ছবি
শিশির ভেঁজা দুর্বাঘাসে ঝলমলে এক রবি
যমুনার তীরে স্বপ্নের ভীড়ে পেয়েছিনু নিরলস
এতোদিন পরে মনে হলো আজি সবকিছু আফসোস
কোথায় আমার যমুনার কোল, কাশফুল সুনিবিড়
চঞ্চল সব জোনাকির দল, সখা-সখীদের ভীড়
পৃথিবীর পথে ঘুরে ঘুরে আমি যত করি খোঁজাখুঁজি
অনুভব হয় সেরা সবকিছু এখানেই আছে বুঝি।
সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়
এখানে আমার পথ প্রদর্শক, এখানে আমার গৌরব
আকাশ, নদী, ছায়া, বনতল, সবখানে সেরা সৌরভ
অদম্য সব নিবেদিত প্রাণ এখানে করেছে বাস
নিভৃত এই জনপদ জুড়ে মানুষ করেছে চাষ
হয়তো সেসব পরশ পাথর ধরাধামে আজ নেই
অথচ তাদের মনন, মেধা, বেঁচে আছে নিশ্চয়ই
তৈরি করেছে শুদ্ধ মানুষ, কুঁড়িয়েছে সম্মান
মনের কালিমা বিনাশ করেছে, কলুষতা খানখান
আমার জমিন, নরম কাদা এখানে হয়েছে সাদা
দেহটা আমার যেখানেই যাক, মনটা এখানে বাঁধা।
সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়
নিষ্ঠায় যাঁরা এই আঙিনায় ফুটিয়ে গেছেন ফুল
সুবাস দিয়ে ভরিয়ে গেছেন ভরা যমুনার কূল
চরণে তাঁদের মাথা নুয়ে যায় চোখে উছলায় জল
সৌরভ নিয়ে ফুটে রয়েছেন সেইসব শতদল।
অনুভব করি কঠোর শাসন, অবিচল দিনরাত
অনুভব করি উষ্ণ পরশ, মাথায় স্নেহের হাত।
এইতো আমার সম্ভুদিয়া, বুকভরা বিষ্ময়
Comments
Post a Comment